স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে।’ তিনি শনিবার বিকালে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’ তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই–তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না।’
মন্ত্রী জামায়াতের বিষয়ে বলেন, ‘জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না।’
মন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাসের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি জানান, ‘মুন্সিগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলেরস্থলে সেতু নির্মাণ করা হবে।’
এছাড়া, মন্ত্রী মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা বলেন এবং বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে বলে জানান।