রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
কনফারেন্সের বক্তৃতায় মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করবে বিএনপি সরকার।
তিনি আরও জানান, গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ বিভিন্ন কার্ড সুবিধা দিচ্ছে।
মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জানান, সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় চেষ্টা করছে।
নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্র চর্চা এবং লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা জারি রাখতে চায় সরকার। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার জন্য বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন মন্ত্রী।