সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি গাজী নজরুল ইসলামের নারীকাণ্ডের কারণে ক্ষুব্ধ হয়ে দলীয় পদ ছাড়লেন যুব জামায়াত নেতা দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তিনি দুধ দিয়ে গোসল করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি ছিলেন। ভিডিও বার্তায় তিনি জানান, এমপি গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দেলোয়ার হোসেন বলেন, “আমি আর কোনো দলের সমর্থন করবো না। এজন্য আমি দুধ দিয়ে গোসল করছি।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নুরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক জানান, দেলোয়ার হোসেন লিখিতভাবে দলের অব্যাহতি নেননি। তবে তিনি দুধ দিয়ে গোসল করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। আব্দুর রাজ্জাক তাকে একজন ভালো কর্মী হিসেবে উল্লেখ করেন।