যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টে বড় ধরনের আইনি পরাজয়ের পর সাময়িক শুল্কের মেয়াদ শুক্রবার শেষ হতে চলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৬০টি দেশের আমদানিপণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ শতাংশের জোগান দেয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং তা কঠোরভাবে কার্যকর করা হয়।”
তিনি আরও বলেন, “আমাদের বাণিজ্যিক অংশীদারদেরও একই পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।” নতুন শুল্কগুলো শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কার্যকর হবে।
গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের সবচেয়ে বড় ও সাহসী শুল্ক পদক্ষেপটি বাতিল করে দেওয়ার পর তিনি সাময়িক শুল্ক আরোপের পথে গিয়েছিলেন। বর্তমানে তিনি ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় আরও দীর্ঘস্থায়ী শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছেন।
এই ধারাটি প্রেসিডেন্টকে এমন সব দেশের বিরুদ্ধে আমদানি কর ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেয়, যারা “অযৌক্তিক”, “অন্যায্য” বা “বৈষম্যমূলক” বাণিজ্য চর্চায় লিপ্ত বলে প্রমাণিত হয়।