দিল্লিতে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই প্রস্তাব দেন।
জিতেন্দ্র সিং জানান, ‘সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং প্রয়োজনমতো সময় দিতেও প্রস্তুত।’ তিনি উল্লেখ করেন, সরকার গতকাল বিকেল থেকে ককরোচ পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের সমস্ত তরুণ বন্ধুদের খোলা আমন্ত্রণ জানাচ্ছি যে, সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময়ে সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’ আলোচনার স্থান হিসেবে জেপি নাড্ডার কার্যালয় অথবা তাঁর বাসভবন হতে পারে বলে তিনি জানান।
জিতেন্দ্র সিং বলেন, ‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি ব্যক্তিগতভাবে আলোচনায় উপস্থিত থাকব। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটি সমাধানের দিকে এগিয়ে যাব।’
মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সকলকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’