৭ দিন জেলে থাকার পর ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুক্তি পাচ্ছেন। তারা ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা উড়ানোর দায়ে আটক হয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া সত্ত্বেও তারা সেখানে প্রবেশ করেন।
১৩ অক্টোবর তারা তালাবদ্ধ গেট টপকে প্রবেশ করে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা উড়ান। রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, এই কাজটি ১০ই অক্টোবর আটক হওয়ার পর তাদের স্বাক্ষরিত শান্তিচুক্তির লঙ্ঘন।
১৪ অক্টোবর তাদের আটক করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে পাঁচ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সোমবার এই হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়।