জুলাই আন্দোলনের স্বপ্ন এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে জন্য দেশের মানুষ প্রতিবার রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তা কোনোবারই তা পূরণ হয়নি।’ তিনি আরও জানান, ‘জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে পুনরায় গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘দীর্ঘ দিনের ভঙ্গুর অবস্থা থেকে উন্নতি হতে সময় লাগবে, সেই আশা নিজেদের ওপর রাখছি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবেই হবে।’
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘জাতিগতভাবে আমরা পুরানো ধারা থেকে বের হতে পারছি না। বিএনপি কোনো বিপ্লবী দল না, গণতান্ত্রিক দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বিএনপি বিপ্লব করে না, বিপ্লব বিশ্বাস করে না।’
তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যেতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এখনের মতো মারামারি করতে না হয়।’ জুলাই শহীদদের জন্য সরকার আরও কাজ করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।