রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলার ফলে রুশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার কথা স্বীকার করেছেন। শুক্রবার মস্কোতে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনাসদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
পুতিনের বক্তব্যের প্রেক্ষাপট হলো, সম্প্রতি রাশিয়ার নিজনে কাস্কের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার ঘটনা। তিনি বলেন, এসব হামলা রুশ অভিযানের গতিকে থামাতে পারবে না এবং রাশিয়া দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠবে।
ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনের এই হামলা রাশিয়ার অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পাইপলাইনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হচ্ছে।
দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ফ্রন্টলাইনে ধীরগতির কারণে এসব হামলা মস্কোর ওপর চাপ সৃষ্টি করছে। পুতিনের বক্তব্যে স্পষ্ট হয় যে, যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।