শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান: ট্রাম্পের দাবি

ট্রাম্পের দাবি, পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান।

পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে আগ্রহী। তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে তাঁর 'দারুণ' আলোচনা হয়েছে।

ট্রাম্প বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে ডালাসের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের বলেন, পুতিন একটি চুক্তি করতে চাইছেন। তিনি উল্লেখ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি চুক্তির জন্য প্রস্তুত হন, তাহলে সেটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে।

এর আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপের কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভে কূটনৈতিক সফর শেষ করে দেশে ফিরেন। এই দুই কর্মকর্তা যুদ্ধ শেষ করার লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

গত মাসে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কোতে রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কর্মকর্তাদের চলমান আগ্রাসন বন্ধে উৎসাহিত করার বিষয়টি আলোচিত হয়।

তবে, ট্রাম্পের বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতার পরও যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, পুতিন সত্যিই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার এই যুদ্ধ এখন চতুর্থ বছরে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন