দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দুই দেশের অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করেছে। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতেও পড়েছে বিরূপ প্রভাব।
এখন রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি চুক্তির সম্ভাবনা দেখছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশ এই শান্তি মীমাংসায় সহায়তা করতে প্রস্তুত।
পুতিন আরও বলেন, তবে শেষ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনকেই এই সমস্যার সমাধান করতে হবে। তিনি উল্লেখ করেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা এবং বেসামরিক বিমানে হামলার ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি সিবিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘমেয়াদি এই যুদ্ধে দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।