লেবাননের সংসদ সদস্য (এমপি) আমিন শেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি মনে করেন, এ ধরনের কোনো চুক্তি হলে ইসরায়েল-ই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।
১৩ জুন শনিবার আল জাজিরা জানায়, ভয়েস অব অল লেবানন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা অপেক্ষা করছি আমেরিকার প্রেসিডেন্ট এই চুক্তির বিষয়ে কী সিদ্ধান্ত নেন। আমরা আশা করি আলোচনার একটি ইতিবাচক ও সুখকর সমাপ্তি হবে, যা লেবাননের সামগ্রিক পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।'
শেরি আরো বলেন, কেউই লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে পারবে না। তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক লেবানন-ইসরায়েল আলোচনার কঠোর সমালোচনা করেন।
তিনি জানান, লেবাননের সরকার দেশের স্বার্থে কোনো সুস্পষ্ট নিশ্চয়তা না নিয়েই ইসরায়েলকে আলোচনার টেবিলে ছাড় দিয়েছে। গত আলোচনার ফলাফলে ‘প্রত্যাহার’ শব্দটি উল্লেখই করা হয়নি বরং অস্পষ্ট বিবৃতি ব্যবহার করা হয়েছিল।
শেরি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী সরাসরি আলোচনার এই প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে নয়। কারণ, তাদের বিশ্বাস পরবর্তী দফার আলোচনা আগের আলোচনার-ই পুনরাবৃত্তি হবে এবং এতে লেবাননের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে না।