বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষকদের, অভিভাবকদের এবং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মির্জা ফখরুল বলেন, শিশুরা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে এবং তাদের উন্নয়নে অবদান রাখতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাবে। কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চীন থেকে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে। তারা কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করবে।
এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।