২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য বরাদ্দের পরিমাণ ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। বৃহস্পতিবার ইউজিসির ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এই বাজেট অনুমোদন করা হয়।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪৩টি প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম বাজেটের কার্যপত্র উপস্থাপন করেন। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। চলতি অর্থবছরে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার ৮০২ কোটি ২১ লাখ টাকা, যা ২০২৬-২৭ অর্থবছরে বেড়ে ১ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। উচ্চশিক্ষায় গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতের জন্য ২৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা খাতের বরাদ্দ ২০০ কোটি টাকা কমিশনের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে না। বরং গবেষণার গুণগত মান ও প্রয়োজনীয়তা বিবেচনায় অর্থের কার্যকর বণ্টনের সুযোগ সৃষ্টি হবে। ইউজিসির মূল লক্ষ্য গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং গবেষণার সংস্কৃতি গড়ে তোলা।