ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দেশের স্বাস্থ্যখাতের বাজেট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।
অধ্যাপক তিতুমীর আরও বলেন, স্বাস্থ্য খাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি তথ্যভিত্তিক নীতি প্রণয়ন, সরকারি সম্পদের দক্ষ ব্যবহার এবং স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপের মাধ্যমে সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, তিনি একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।