শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও নীতিনির্ধারণে গুরুত্বারোপ

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছে ইউএপি।

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও নীতিনির্ধারণে গুরুত্বারোপ

দেশের স্বাস্থ্যখাতের বাজেট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে। বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ খাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণে অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মুজিবুল হক জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি একাডেমিয়া, সরকার, শিল্পখাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি দেশের স্বাস্থ্যখাতের অর্থায়ন কাঠামো, বাজেট বরাদ্দের বর্তমান চিত্র এবং স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

প্যানেল আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণালব্ধ তথ্যের ব্যবহার এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

আলোচনায় স্বাস্থ্যখাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা, গবেষণা সম্প্রসারণ এবং একাডেমিয়া-শিল্পখাতের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী, টেকসই ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন