সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১

বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি চাপায় একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১

জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে। হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে ভয়াবহ একটি ঘটনা হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি মিনিভ্যান বা ছোট আকারের এসইউভির মতো ছিল।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে, তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। ওই ব্যক্তি বার্লিনের ইসলামপন্থী চক্রের একজন সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত।

বার্লিন শহরের কেন্দ্রস্থলে হামলার ঘটনার পর বার্লিন প্রাইড শোভাযাত্রাটি বাতিল করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। পুলিশ ও জরুরি সেবা কর্মীরা বহু আহত ব্যক্তির চিকিৎসা ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে একটি সাদা ভ্যান টিয়ারগার্টেনে জড়ো হওয়া মানুষের ভিড়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে। এরপরই অনুষ্ঠানের আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুষ্ঠানের বড় পর্দার মাধ্যমে উপস্থিত সবাইকে শান্ত ও সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন