সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ সেনাপ্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন।

বাংলাদেশ সেনাপ্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সফরের শুরুতে সেনাপ্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি জেনারেল স্টাফের প্রধান জেনারেল সেলচুক বাইরাকতারওলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেচেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও, তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তুর্কি স্থলবাহিনীর সদর দফতর পরিদর্শনকালে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে এএসআইএসগার্ড, তুসাশ, এমকেই, সার্সিলমাজ, এসটিএম, রকেটসান, আসেলসান এবং বায়কার উল্লেখযোগ্য।

পরিদর্শনকালে তিনি এসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

সেনাপ্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন