সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ রোববার সকালে স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করছেন।
গোয়েন্দা সংস্থার সদস্যরা স্মৃতিসৌধের ভিতরে ও বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা সৌধের ভেতরে প্রবেশ করছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গার্ড অব অনার দিতে তিন বাহিনীর সদস্যরা সৌধে প্রবেশ শুরু করেছেন। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, গেটের বাইরে ও অভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু জানান, সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে সাক্ষর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সাভার এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাদা পোশাকের ও পোশাকধারী পুলিশ সদস্যরা ইতিমধ্যে মোতায়েন হয়েছেন। রাষ্ট্রপতি ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করবেন, তবে যানচলাচল বন্ধ করা হবে না।