বার্সেলোনার কাম্প নেউ স্টেডিয়ামে চলমান সংস্কারকাজের সময় এক নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই সংস্কার কাজ চলাকালীন গত বছরের নভেম্বরে সীমিতসংখ্যক দর্শক নিয়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছিল।
বার্সেলোনা ক্লাব গতকাল শনিবার এক বিবৃতিতে জানায়, ‘গতকাল (শুক্রবার) কর্মক্ষেত্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় যে শ্রমিক প্রাণ হারিয়েছেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ ক্লাবটি নিহত শ্রমিকের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।
কাতালান পুলিশ জানায়, ৫৪ বছর বয়সী ওই শ্রমিক মাথায় আঘাত পাওয়ার কারণে মারা গেছেন। তবে দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি।
বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে থাকবে ক্লাব। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা নিহতের পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে ক্লাবের সকল সদস্য নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন।