শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকটে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকটে পড়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকটে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি সতর্ক করেছে যে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে করোনা মহামারির পর বৈশ্বিক প্রবৃদ্ধি সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৫ সালে ছিল ২ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া পূর্বাভাসের তুলনায় বিশ্বের দুই-তৃতীয়াংশ অর্থনীতির প্রবৃদ্ধির হার কমিয়ে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় চলতি বছর বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ শতাংশে পৌঁছাতে পারে। গত বছর এ হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ। পরিস্থিতি অব্যাহত থাকলে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

এদিকে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যেকোনো উন্নয়নশীল দেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। ইতিমধ্যে ৬ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে এ বরাদ্দ ১০ হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে।

বিজ্ঞাপন