শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিজিবির সহায়তায় সীমান্তে আটকে পড়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

বিজিবির সহায়তায় জামালপুরে সীমান্তে আটকে পড়া বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজিবির সহায়তায় সীমান্তে আটকে পড়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে বিজিবি তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ষষ্টি চন্দ্র বর্মনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি প্রায় দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। মানসিকভাবে অসুস্থ হওয়ায় তার পরিবারের সদস্যরা তার খোঁজ করছিলেন। বুধবার গণমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। বিজিবি জানায়, গত বুধবার ভোরে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ষষ্টি চন্দ্রকে দেখা যায়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথা বলছিলেন এবং বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিলেন। পরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।

ষষ্টি চন্দ্রের ছোট ভাই ভবানি বর্মন বলেন, 'দুই মাস ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমরা খুব চিন্তায় ছিলাম। অবশেষে সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে শনাক্ত করতে পারি। ভাইকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।'

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, 'বৃদ্ধের স্বজনরা জাতীয় পরিচয়পত্রসহ থানায় আসেন। যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি কীভাবে এই সীমান্ত এলাকায় এসেছিলেন, সে বিষয়ে তাঁর পরিবারের সদস্যরাও কিছু বলতে পারেননি।'

বিজ্ঞাপন