রাজধানীর আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, হাসপাতালটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "আগামী ৩০ দিনের মধ্যে হাসপাতালটি আপিল করতে পারবে।"
অধ্যাপক বিশ্বাস আরও জানান, আদ–দ্বীন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে অন্য কোনো হাসপাতালে রোগীদের স্থানান্তর করতে পারবে।
মঙ্গলবার সকালে মগবাজারে আদ–দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করেছে।