রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বালুখালী ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. ইনতিসার হাসনাত জিমেল, তিনি চট্টগ্রাম মহানগরের ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, জিমেলসহ তিন বন্ধু ওয়াসি, শোভা ও হুমাইরা একই বিভাগের শিক্ষার্থী। তারা একটি নৌকায় করে কাপ্তাই হ্রদে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেলে বালুরচর এলাকায় সাঁতার কাটতে নামলে জিমেল পানিতে তলিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে জিমেলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, 'সন্ধ্যার কিছু আগে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।'
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল জানান, 'পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।'
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'