শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনতিসার হাসনাত জিমেলের মৃত্যু হয়েছে।

কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাঙ্গামাটি শহরের বন্দুকভাঙ্গা বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দুই বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে কাপ্তাই হ্রদে নৌভ্রমণে বের হন।

ভ্রমণ শেষে বালুরচর এলাকায় গোসল করতে নামার পর একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু-বান্ধবীরা তাকে খুঁজে না পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে জিমেলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল বলেন, "হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।"

বিজ্ঞাপন