শেরপুরের চাপাতলি এলাকায় আর্জেন্টিনার এক সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা সমর্থক শিবু সম্প্রতি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তার বন্ধু ও ব্রাজিলের সমর্থকরা তাকে ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে ব্রাজিল শিবিরে বরণ করে নেন। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন।
দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, 'আমি মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতাম। কিন্তু মনে হচ্ছে, এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই।' তিনি আরও বলেন, 'ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন।'
ব্রাজিল সমর্থক আলিম জানান, 'প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে শিবু ভাইকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে।' তিনি বলেন, 'মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায় এবং বর্তমান দল নিয়ে শিবুর মূল্যায়নের কারণে তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন।'
ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, 'শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের দলবদল অস্বাভাবিক নয়।'
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক মনির হোসেন দাবি করেন, 'কোনো প্রকৃত আর্জেন্টিনা সমর্থক ব্রাজিলের সমর্থক হতে পারেন না। এটি পরিকল্পিত একটি ঘটনা।'
বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই ব্যতিক্রমী দলবদলের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।