‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে সাত দিন কথা বলা বন্ধ রেখেছেন।
মঙ্গলবার (৯ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান। অমি বলেন, দাঁতের সমস্যার কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাও চলছিল।
তিনি আরও জানান, পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিংয়ে ফিরেছিলেন। শুটিং চলাকালীন হঠাৎ করেই তার গলায় তীব্র অস্বস্তি অনুভূত হয়, যা ধীরে ধীরে কণ্ঠস্বর ক্ষীণ করে দেয়।
অমির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি দেখে শুটিং বন্ধ করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
চিকিৎসকরা তাকে সাত দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হয়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে।