ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে অভিনেত্রী এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের (সিআইএনটিএএ) সভাপতি পুনম ধিলোন রণবীরের সমর্থনে মুখ খুলেছেন।
পুনম ধিলোন জানিয়েছেন, রণবীর যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার যোগ্য। তিনি বলেন, ‘রণবীর ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মতো মানুষ নন’। অভিনেত্রী আরও জানান, প্রযোজনা সংস্থার ক্ষতির কথা মাথায় রেখে রণবীর নাকি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।
‘ডন-৩’ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ জারি করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তবে এই নির্দেশ কিছুদিনের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়।
পুনম বলেন, ‘রণবীরের সঙ্গে এক্সেল এন্টারটেনমেন্টের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি এর আগে ‘দিল ধড়কনে দো’ ও ‘গাল্লি বয়’র মতো সফল ছবিতে কাজ করেছেন।’ তিনি আরও জানান, কোনো অভিনেতা একটি ছবি করতে অস্বস্তি বোধ করতে পারেন এবং এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে।
পুনমের মতে, রণবীরের এই দায়িত্বশীল পদক্ষেপের জন্য প্রশংসা প্রাপ্য। তিনি অগ্রিম নেওয়া অর্থ ফেরত দিতে রাজি ছিলেন এবং এটি অনেকেই করেন না।