শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আরমান খানের নতুন গান 'ফুটবল ফুটবল'

আরমান খান ফিরছেন নতুন গান 'ফুটবল ফুটবল' নিয়ে, বিজয় মামুনের কণ্ঠে।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আরমান খানের নতুন গান 'ফুটবল ফুটবল'

জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আরমান খান দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরছেন। আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিনি তৈরি করেছেন নতুন গান ‘ফুটবল ফুটবল’, যা ১০ জুন প্রকাশিত হবে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘বিজয়’ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট বিজয় মামুন। গানটির কথা ও সুর করেছেন আরমান খান নিজেই। ইতিমধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

আরমান খান জানান, চাকরির কারণে বর্তমানে তিনি শ্রীমঙ্গলে বসবাস করছেন। তবে সংগীতকে পুরোপুরি ত্যাগ করেননি। গত বছরের নভেম্বরে তিনি একটি স্টুডিও চালু করেছেন, যেখানে তিনি নিয়মিত গান তৈরির কাজ করছেন।

নতুন গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সব ফুটবলপ্রেমীর জন্য অন্যরকম এক আনন্দের উপলক্ষ্য। ফুটবলপ্রেমীদের মনে রং ছড়িয়ে দিতেই এ আয়োজন।’

আরমান খান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণে নিয়মিত গান তৈরিতে সময় দিতে পারিনি। তবে এখন আমি নতুন নতুন গান তৈরি করছি এবং সামনে আরও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’

‘ফুটবল ফুটবল’ গানটি নিয়ে বিজয় মামুনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তাঁর লেখা ও সুরে অনেক জনপ্রিয় গান রয়েছে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।’

গানটির পৃষ্ঠপোষক ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সংগীতার ব্যানারে প্রকাশিত হতে যাওয়া গানটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরমান খান কিংবদন্তি সুরকার আলম খানের ছেলে। নব্বই দশকের শেষভাগ এবং শূন্য দশকের শুরুতে বাংলা ব্যান্ড ও আধুনিক গানের জগতে পরিচিত হয়ে ওঠেন তিনি।

বিজ্ঞাপন