গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। নাটকটি বৃন্দাবন দাশের রচনায় পরিচালনা করেছেন সকাল আহমেদ।
প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এটি প্রচার হচ্ছে। আগামীকাল ৭ জুন নাটকটির ১০০তম পর্ব সম্প্রচারিত হবে।
গল্পের প্রেক্ষাপট উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামে, যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবার পাশাপাশি বসবাস করে। দুই পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে চরম বৈরিতা বিদ্যমান, যা তাদের প্রতিবেশীসুলভ আচরণকে সম্পূর্ণ অস্বীকার করে।
দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলতে থাকে। তাদের দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, তারা নিজেদের ক্ষতির মাধ্যমে অন্যের আনন্দ উপভোগ করে।
নাটকটিতে দেখা যায়, এই দুই পরিবারের দ্বন্দ্বের ফলে নানা ধরনের ঘটনা ঘটে, যা গ্রামের মানুষের মধ্যে বিনোদনের সৃষ্টি করে। তবে কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি করে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।