মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশে ব্যাপকভাবে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বুধবার (১০ জুন) গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে ৩০টি মিসাইল ছোড়া হয়।
জর্ডানে ১২টি ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের আল-সালতি ও আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। আইআরজিসির দাবি, এই হামলায় জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি স্থাপনায় আঘাত হানে।
এছাড়া, বাহরাইন ও কুয়েতেও হামলা চালানো হয়। বাহরাইনে পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম লক্ষ্য করে ১৮টি মিসাইল নিক্ষেপ করা হয়। কুয়েতের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন দেখা যায়, ফলে সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়া হয়।
এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত স্থাপনাগুলোতে ৪৯টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। হামলার লক্ষ্যবস্তু ছিল কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরি।
আইআরজিসির দাবি, এফ-থার্টি ফাইভ, এফ-সিক্সটিনসহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।