দেশের জনপ্রিয় সুফি, ফোক ও আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি সম্প্রতি দুটি নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছেন। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে আত্মপ্রকাশ করা এই শিল্পীর রয়েছে ৭টি একক অ্যালবাম এবং ৫০টিরও বেশি মিক্সড অ্যালবাম।
নতুন গান 'বাজে মনে বিন' প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেনের কথায় গেয়েছেন স্বীকৃতি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিওতে আলিফ চৌধুরী ও অবন্তিকা রহমান মডেল হিসেবে কাজ করেছেন, যার পরিচালনা করেছেন সৈকত রেজা।
অন্যদিকে, চলচ্চিত্র 'তছনছ'-এ তাঁর গাওয়া আইটেম গান 'আমায় দেখে পাশের মানুষ' মুক্তির পর ব্যাপক প্রশংসা পাচ্ছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। এতে পারফর্ম করেছেন প্রিয়া অনন্যা।
স্বীকৃতি বলেন, 'ভিউয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও দর্শক গান দুটি বেশ পছন্দ করেছেন। দুটি গান থেকেই বেশ সাড়া পাচ্ছি। সামনে নতুন আরও কয়েকটি গান আসছে।'
তিনি নিয়মিতভাবে চমৎকার ফোক ও সেমি-ক্ল্যাসিকাল গান উপহার দিচ্ছেন এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। স্বীকৃতির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে 'শিখাইয়া পিরিতি', 'প্রাণের চেয়ে প্রিয় কিছু নাই', 'পান জর্দা', 'ওমুই বা শোনো', 'কী মায়া লাইলি' ইত্যাদি।