বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি জানান, সংকট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। আজ শনিবার ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক তিতুমীর বলেন, নতুন বাজেটে ৬০ হাজার কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যেও সরকার কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।
আলোচনায় কৃষি খাতে কৃষকদের স্বার্থ বিবেচনায় অর্থায়ন বৃদ্ধি, শিল্পখাতভিত্তিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিট্যান্স এবং আমদানি-রপ্তানি খাতের বিভিন্ন সংকট, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরা হয়।