শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ, এনসিপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগে এনসিপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি।

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ, এনসিপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড় দেইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার পর হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আবদুল গাফফার জিসান অভিযোগ করেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি কর্মীরা এ হামলা চালিয়েছে।

এদিকে, আবদুল হান্নান মাসউদ হামলার অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমার নিজের বাড়িতে হামলা হয়। আমি সেগুলো ট্যাকেল দিয়ে উঠতে পারিনা। আমি আরেকজনের বাড়িতে হামলা করব।"

ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসান জানান, হামলাকারীরা তাদের ভবনের একটি জানালা ভাঙচুর করে এবং প্রধান ফটকে হামলা চালায়। হামলার পর তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "গ্রামের বাড়িতে একতলা ভবন। ওই ভবনের দক্ষিণ পাশে অন্ধকার, সেখানে থেকে কেউ একজন ঢিল মারছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিজ্ঞাপন