লিবিয়ার ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতায় তাদের ফেরত পাঠানো হয়।
আজ সোমবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফেরত আসা বাংলাদেশিরা জানান, ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় বিভিন্ন মাফিয়া ও পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে তারা চরম নির্যাতনের শিকার হন।
মুক্তিপণের দাবিতে অনেকের পরিবারের কাছ থেকে ২৫ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। কিছু পরিবার জমি-জমা বিক্রি করে সর্বস্বান্ত হয়েছেন।
তাদের পরবর্তী স্থান ছিল তাজুরা ডিটেনশন সেন্টার, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে মানবেতর জীবন কাটাতে হয়েছে।
দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।