পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা 'আরাফাত পরিবহন' নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা খুলনা-ব-১১৫ নম্বরের বাসের পেছনের অংশের সিটে আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে অন্যান্য বাসের হেলপাররা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, "বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে।"