শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২০২৭ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে

২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, জানালেন ডা. জুবাইদা রহমান।

২০২৭ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জানান, এই কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে। তিনি বলেন, "স্কুল ফিডিং কর্মসূচি শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বর্তমানে ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে।

ডা. জুবাইদা রহমান খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "স্কুলের মিড ডে মিল সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।"

রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।

বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেন, "রান্না একটি শিল্প, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম।" তিনি রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে সচেতনতা সৃষ্টি করতে হবে।"

বিজ্ঞাপন