দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, যা এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী প্রস্তুত করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশ্নগুলোর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বর বরাদ্দ থাকবে।
প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।
এছাড়া, মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের জন্য ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।