ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করা হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার দুপুরে এই আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ নভেম্বর হাইকোর্ট ভর্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত করে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত হলে সেশনজটের সম্ভাবনা রয়েছে।
অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, যারা এইচএসসিতে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষা দেওয়া হচ্ছে। তবে এই সুযোগ অধিকার নয়।
শুনানির সময় ইউজিসির আইনজীবী জানান, আগামী ১ জানুয়ারি থেকে সকল বিশ্ববিদ্যালয়কে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনে পরিচালিত হওয়ায় তারা পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নিতে পারবে।