সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আইওয়ায় ৫ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

আইওয়ায় পাঁচ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা করছে মার্কিন সেনাবাহিনী, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে।

আইওয়ায় ৫ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রায় পাঁচ টন ঝুঁকিপূর্ণ-মেয়াদোত্তীর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। আদালতের অনির্দিষ্টকালের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিস্ফোরকগুলো নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ নভেম্বর শনিবার, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদালতে জমা দেওয়া এক আবেদনে জানায়, সেনাসদস্য এবং আশপাশের জনবসতির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আবেদনে বলা হয়, ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার স্বার্থে এখন পদক্ষেপ নেওয়া জরুরি, বিলম্ব নয়।’

এর আগে, পরিবেশবাদী কয়েকটি সংগঠনের করা মামলার পর আদালত বিস্ফোরক ধ্বংসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দেয়। সংগঠনগুলোর অভিযোগ, সেনাবাহিনী বিস্ফোরক ধ্বংসের ক্ষেত্রে আরও নিরাপদ বিকল্প পদ্ধতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।

আইওয়ার মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে গত শুক্রবার বিস্ফোরকগুলো ধ্বংসের কথা ছিল। তবে আদালতের নির্দেশের পর নতুন পরিস্থিতিতে সেনাবাহিনী আগামী ২৪ নভেম্বরের মধ্যে জরুরি ব্যতিক্রমী অনুমোদনের আওতায় এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করছে।

আবেদনে সেনাবাহিনী জানায়, অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিস্ফোরকগুলো নির্ধারিত স্থানে নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করা জরুরি। তারা দাবি করেছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কমে যাওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের আশঙ্কা বাড়তে পারে।

আবেদনে উল্লেখ করা হয়, ‘আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইটের (মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সংরক্ষিত লেড অ্যাজাইড বিস্ফোরিত হওয়ার তাৎক্ষণিক ঝুঁকি তৈরি হয়েছে।’

সেনাবাহিনী দাবি করে, বিস্ফোরক সংরক্ষণের বাঙ্কারের দরজাগুলো আগেই খুলে ফেলা হয়েছে, যাতে বিস্ফোরণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া যায়। তবে এতে বিস্ফোরকগুলো তাপমাত্রার পরিবর্তনের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন