আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের জন্য নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের ঘোষণা দিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। তিনি বলেন, "অতীত সরকার শিশুদেরকে স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি।"
এছাড়া, মন্ত্রী প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে বলেন। তিনি জানান, "শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে।"