দক্ষিণ কোরিয়ার ‘সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টস’-এ প্রথম বাংলাদেশি হিসেবে অভিনয় নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন বগুড়ার সাগর ইসলাম। তিনি দেশের শিক্ষার্থীদের কোরিয়ান ভাষা শেখান।
সাগর ইসলাম বলেন, ‘আমার দুটি ভালোবাসার জায়গা—একটি অভিনয়, অন্যটি কোরিয়ান ভাষা। প্রিয় দুটি জিনিসই এভাবে একসঙ্গে এসে মিলিত হবে—তা আমার জন্য ভীষণ আনন্দের।’ কোরিয়ার তরুণ-তরুণীদের কাছে এই বিশ্ববিদ্যালয়ে পড়া স্বপ্নের মতো।
সাগর ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক। কলেজজীবনে অভিনয় প্রতিযোগিতায় প্রথম হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের একটি কর্মশালায় প্রশিক্ষণ নেন। তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে ‘ইনকিলাব’ নাটকে অভিনয় করেছেন।
কোরিয়ান ভাষায় তাঁর দক্ষতা উল্লেখযোগ্য। তিনি ভাষা দক্ষতা পরীক্ষায় ২২৯ নম্বর পেয়ে ‘লেভেল ৫’ অর্জন করেছেন। এছাড়াও, তিনি কোরিয়ান ভাষায় অনুষ্ঠিত বক্তব্য প্রতিযোগিতায় দু’বার পুরস্কার জিতেছেন।
সাগরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’ ৫টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। তবে, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন একজন অভিনেতা হিসেবে কাজ করা। সিউল আর্টসে পড়ার সুযোগ তাঁর সেই স্বপ্নের পথে বড় এক পদক্ষেপ।