রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পদত্যাগ করেছেন পরীক্ষায় জালিয়াতির অভিযোগের পর।

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগের পর পদত্যাগ করেছেন। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এই ঘটনা সামনে আসে।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গত রোববার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন যে, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন।

এ ঘটনাটি সুনেউং নামক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাত্র চার দিন আগে প্রকাশিত হওয়ায় দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে। প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জালিয়াতির ঘটনা প্রকাশের পর পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়। তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে চোই বলেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়া পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার জন্য জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’ তিনি পদত্যাগের প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। সোমবার পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন