চ্যাম্পিয়নস ট্রফি হকিতে হারের বৃত্তে বন্দি বাংলাদেশের হকি দল। রোববার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে তারা দুই গোল করে। তৃতীয় কোয়ার্টারে আরও দুইবার জালের দেখা পায় তারা। শেষ কোয়ার্টারে একটি গোল করে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই বাংলাদেশ দল ধুঁকছে। এ নিয়ে টানা চার ম্যাচে হারল পিটার গেরহার্ডের দল। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হারের পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে এবং মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
এই পরাজয়ে সেমি-ফাইনালে খেলার ন্যূনতম আশাও শেষ হয়ে গেল। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা বাংলাদেশ রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে চীনের।