আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১২ জন কর্মীকে মালয়েশিয়ার উদ্দেশ্যে বিদায় জানান।
বোয়েসেলের এমডি রাশেদুল হক জানান, প্রত্যেক কর্মীর জন্য আনুমানিক ২ লাখ টাকা খরচের সব ব্যবস্থা নিয়োগকর্তা বহন করছেন। এই উদ্যোগের আওতায় মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়া যাবেন।
২০২৪ সালের ৩১ মে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। তবে, দুই বছরের বেশি সময় পর সরকারী উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে।
প্রথম ধাপে ১১২ কর্মী ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত এবং আবাসন ও চিকিৎসার ব্যবস্থা নিয়োগকর্তা করবে।
বোয়েসেলের এমডি রাশেদুল হক বলেন, "এটি কেবল শুরু। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে।"
তিনি আরও জানান, পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমণ প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সব খরচ নিয়োগকর্তা বহন করছে।
বোয়েসেল জানিয়েছে, কর্মী বাছাই প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন এবং পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে নির্বাচিত হন প্রথম ধাপের ১১২ জন।