আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি ও বাজারদর নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পর দেশে মূল্য পুনঃসমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সংগঠনটি আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মূল্য সমন্বয়ের দাবি জানায়।
সভায় ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।