জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটি রৌপ্য পদক লাভ করে।
২৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, ‘জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন ও দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’
এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।’
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়ন নিশ্চিত করতে সরকার প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করে। আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে।