বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগের কথা জানান।

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ তিনি জানান, সরকার আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা এবং প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

প্রধানমন্ত্রী আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়।’ সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘এসব এলাকায় নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের ওপর গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে।’

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়। এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন