পাবনার ফরিদপুরে ভেজাল দুধ তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে, উপজেলার গোপালনগর এলাকার উত্তম ঘোষের বাড়িতে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন, ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আবুল হোসেন (৩৬), ওমর ফারুক (২৫), আসলাম প্রামাণিক (২৪) ও চাঁদ আলী (৪০)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত তিন ড্রাম জেলি, কস্টিক সোডা এবং তিন ড্রাম প্রস্তুত করা নকল দুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।