ভারতের উত্তর প্রদেশের মথুরায় এক বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দেয়ার ঘটনা ঘটেছে। প্রতিটি মালার মূল্য ১ কোটি রুপি, যা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছে।
শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে প্রাশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এই বিশেষ উপহার দেয়া হয়। তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর, যিনি রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা, এই মালা উপহার দেন।
প্রতিটি মালা প্রায় ১০০ ফুট লম্বা ছিল, ফলে মালাগুলো বহন করতে কয়েকজনের সহায়তা প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় মালাগুলো পরিয়ে দেয়া হয়।
বিয়ের অনুষ্ঠানটি মথুরার গোবর্ধন এলাকায় অনুষ্ঠিত হয়। এই ভিন্নরকম উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বিভিন্ন হাস্যরসও করছেন এই ঘটনাকে কেন্দ্র করে।