সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে গণহত্যার গুজব ভিত্তিহীন, জানাল বিজিবি

গোপালগঞ্জে গণহত্যার গুজব ভিত্তিহীন বলে জানিয়েছে বিজিবি।

গোপালগঞ্জে গণহত্যার গুজব ভিত্তিহীন, জানাল বিজিবি

গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে কথিত অভিযান বা গণহত্যা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি বাহিনীর ওপর হামলা চালাতে জনগণকে উসকানি দেওয়ার অপচেষ্টা রয়েছে।

বিজিবি এই অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

বিজিবি জানায়, গোপালগঞ্জের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়াই এসব অপতথ্যের মূল উদ্দেশ্য।

স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জে বর্তমানে বিজিবির দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।

এছাড়া, জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

বিজিবি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, গুজবে বিভ্রান্ত না হতে। বাহিনীটি আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজ্ঞাপন